ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ অধিবেশন চলার সময় বুধবার রাতে প্রতিপক্ষ আওয়ামী লীগের এক সংসদ সদস্যের দিকে তেড়ে যান বিএনপি সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের পর ওয়াক আউট করে প্রধান বিরোধী দল।
রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির মহিলা সংসদ সদস্য শাম্মী আক্তারের একটি মন্তব্য নিয়ে উত্তেজনার সূত্রপাত।
শাম্মী আক্তারের ওই মন্তব্য চিফ হুইপ আব্দুস শহীদ এক্সপাঞ্জের দাবি জানান।
অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী তখন বলেন, "আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো।"
এসময় আওয়ামী লীগ সংসদ সদস্যরা প্রায় সবাই একযোগে দাঁড়িয়ে শাম্মীর বক্তব্য বাদ দিতে বলেন স্পিকারকে।
একই সময় বিএনপির মওদুদ আহমেদ ও এম কে আনোয়ার বক্তব্য দিতে চাইলে স্পিকার তাদের সুযোগ না দিয়ে সরকারি দলের সদস্য ইকবালুর রহিমকে মাইক দেন।
বিরোধী দলের সদস্যরা একযোগে তার প্রতিবাদে চেঁচামেচি করতে থাকেন। এর মধ্যেই ইকবালুর রহিম তার বক্তব্যে বলেন, "বিরোধী দলীয় নেতা (খালেদা জিয়া) এখানে থাকলে বঙ্গবন্ধুকে ফেরাউন না, ফেরেস্তা বলতেন। খালেদা জিয়াকে জিয়াউর রহমান ঘরে নিতে চাননি।"
এই বক্তব্যের পর বিএনপির সাংসদরা আরো ক্ষুব্ধ হয়ে চিৎকার করে স্পিকারকে উদ্দেশ্য করে নানা কথা বলতে থাকেন।
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন বলেন, "আপনার নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আপনি পুরো আওয়ামী লীগার।"
এ সময় বিরোধীদলের গ্যালারির ঠিক বাঁ পাশ ঘেঁষে বসে থাকা মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ জয়নাল আবেদীন দাঁড়িয়ে বিএনপির সাংসদদের চুপ করতে বলেন। এক পর্যায়ে তিনি বলে ওঠেন, "চুপ কর।"
জবাবে এ্যানি আসন ছেড়ে আওয়ামী লীগের জয়নালের দিকে ছুটতে ছুটতে বলেন, "ধর শালারে।"
তখন জয়নালও আসন থেকে উঠে দাঁড়ান। এ্যানি এক পর্যায়ে প্রায় তার সামনে চলে যান। তার পেছন পেছন ছোটেন মাহবুব উদ্দিন খোকন ও আশরাফ উদ্দিন নিজান।
এ সময় চিফ হুইপ আব্দুস শহীদ, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, নাসিম ওসমান, সাগুফতা ইয়াসমীন এমিলি, জাহিদ আহসান রাসেলসহ কয়েকজন সাংসদ গিয়ে দুপক্ষকে শান্ত করেন।
ঘটনার সময় স্পিকার নির্বিকার থাকলেও পরে অর্ডার অর্ডার বলে সবাইকে শান্ত হতে বলেন।
এসময় বিএনপির মহিলা সাংসদরা অশালীন ভাষা ব্যবহার করেন। তারা ফাইল ও কলম ছুড়ে মারেন।
সাত মিনিট দুপক্ষের চিৎকার ও হইচইয়ের মধ্যে ৮টা ৫ মিনিটে বিরোধীদল ওয়াক আউট করে।
হট্টগোলের সময় চুপ থাকলেও ইকবালুর রহিম তার বক্তব্য ফের শুরু করে বলেন, "বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বুঝিয়ে খালেদা জিয়ার সঙ্গে সংসার করতে বাধ্য করেন।"
পরে স্পিকার বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির শাম্মী আক্তারের বক্তব্য এক্সপাঞ্জ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২২৩৮ ঘ.
bdnews24