২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে জিডি

হুমকি ও অশালীন ব্যবহারের অভিযোগে দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি পত্রিকাটির সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 03:27 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

কিশোরগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমকি ও অশালীন ব্যবহারের অভিযোগে দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি পত্রিকাটির সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শাহ আজিজুল হক নামের ওই প্রতিনিধি কিশোরগঞ্জ মডেল থানায় মঙ্গলবার রাতে এই জিডি করেন। এ ছাড়া বুধবার তিনি বার্তা সম্পাদক বরাবর নিজের ইস্তফাপত্রও পাঠান। জিডিতে বলা হয়, পত্রিকার বিক্রয় বাড়ানোর লক্ষ্যে আতিকুল্লাহ খান মাসুদ এই জেলা প্রতিনিধিকে এলাকার সরকারি অফিসসমূহে অনুচিত প্রভাব বিস্তারসহ হকার ও এজেন্টদের উপর চাপ সৃষ্টির নির্দেশ দেন। এ কাজে অপারগতা প্রকাশ করলে মঙ্গলবার রাত ৮টার দিকে টেলিফোনে তাকে জনকণ্ঠ সম্পাদক অশালীন ভাষায় ব্যঙ্গবিদ্রুপ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহ আজিজুল হক বলেন, "জনকণ্ঠের সঙ্গে আমি স্বেচ্ছায় সম্পর্ক ছিন্ন করেছি। বিষয়টি আমার নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জড়িত বলে থানায় জিডি করি।" শাহ আজিজুল হক ১৯৯৬ সাল থেকে জনকণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.