২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের তথ্যদাতাকে রক্ষায় আইন তৈরির উদ্যোগ

অনিয়ম-দুর্নীতি সম্পর্কে যারা তথ্য দেবেন তাদের সুরক্ষায় সরকার আইন তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম-দুর্নীতি সম্পর্কে যারা তথ্য দেবেন তাদের সুরক্ষায় সরকার আইন তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার সচিবালয়ে জনস্বার্থে তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন করার বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী। তিনি বলেন, "এক মাসের মধ্যে এর খসড়া চূড়ান্ত করা হবে।" সভায় আইনের প্রাথমিক খসড়াটি ওয়েবসাইটে প্রদর্শনের পাশাপাশি এ বিষয়ে ই-মেইল ও চিঠিপত্রের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। আইনমন্ত্রী বলেন, "সুরক্ষার অভাবে দুর্নীতি, অনিয়ম সম্পর্কে অনেকেই তথ্য দিতে চান না। এ আইনের ফলে যে কেউ অনিয়ম দুর্নীতি সম্পর্কে তথ্য দিতে পারবে।" আইনে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখার বিধান থাকবে বলে জানান তিনি। তিনি জানান, আইনে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার পাশাপাশি মিথ্যা তথ্য দাতার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। আইনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে বলেও জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদ, কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলম, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুল হক, আইন ও বিচার বিভাগের চলতি দায়িত্বে নিয়োজিত সচিব আনোয়ারুল হক, এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি পল জে. হেইটেন্স, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০৫৫ ঘ.