ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনজিওগুলোকে সরকার জলবায়ু তহবিল থেকে যে অর্থ দেবে তার ব্যয় তদারকিতে উপ-কমিটি করেছে পরিবেশ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার গঠিত পাঁচ সদস্যের উপ-কমিটির প্রধান মো. একাব্বর হোসেইন এমপি। অন্য সদস্যরা হলেন- সোহরাব আলী সানা, মনোরঞ্জন শীল গোপাল, মো. গোলাম সবুর ও গিয়াউদ্দিন আহমেদ।
সংসদের প্রচার কেন্দ্রে (মিডিয়া সেন্টারে) স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল মোমিন তালুকদার সাংবাদিকদের বলেন, "সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চারশ কোটি টাকার তহবিল গঠন করেছে। এর মধ্যে তিনশ কোটি টাকা ব্যয় হবে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে।"
বাকি একশ কোটি টাকা দেশের বিভিন্ন বেসরকারি সংগঠনের (এনজিও) মাধ্যমে ব্যয় হবে বলে জানান তিনি।
তিনি জানান, জলবায়ু তহবিল পেতে পাঁচ হাজারেরও বেশি এনজিও আবেদন করেছে।
এনজিওগুলো তহবিলের অর্থ কোন এলাকায় ব্যয় করছে- উপ-কমিটি বিশেষ করে তা দেখবে বলে জানান আব্দুল মোমিন তালুকদার।
তিনি বলেন, "দুই মাসের মধ্যে কমিটি প্রথম প্রতিবেদন দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এডিকে/আরএএইচ/পিডি/১৯২৮ ঘ.
bdnews24