সাভার, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো দেশের ই-হেল্থ সেবা বা ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রম অতি জরুরি বলে মন্তব্য করেছেন সফররত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ড. হামাদুন আই তুরে।
সরকারের ডিজিটাল বাংলাদেশ করার অঙ্গীকারকে স্বাগত জানিয়ে তুরে দেশের ই-হেল্থ সেবার পাশাপাশি মোবাইল ফোন এসএমএস'র মাধ্যমে গর্ভবতী মায়েদের সেবা দেওয়ারও কথা বলেন।
এ সেবায় টেলিটক ছাড়াও অন্য কোম্পানিগুলোর এগিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে 'ই-হেল্থ সেবা' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এরপর তিনি সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও শ্রেণী কক্ষ পরিদর্শনের সময় বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল কম্পিউটার ল্যাব সম্পের্কে জ্ঞান থাকতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধও থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিকেশনের প্রধান ইউন জু কিন, বিটিসিএল'র চেয়ারম্যান জিয়া আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক (স্বাস্থ্য) জাহাঙ্গীর হোসেন, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লার রহমান, ঢাকা জেলা সির্ভিল সার্জন জসিম উদ্দিন খান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া প্রমুখ।
এর আগে তুরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৫ ঘ.
bdnews24