ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিটি উপজেলায় আইসিটি ভ্যানের মাধ্যমে বেকার যুবক ও যুব মহিলাদের তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যুবাদের স্বনির্ভর করে তোলার কার্যক্রমকে গতিশীল করা হবে।
হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা বলেন।
কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইসিটি ভ্যান পরিচালিত হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, তিন বছরে দেশে ৭ লাখ ২০ হাজার বেকার যুব ও যুব মহিলাদের জীবন দক্ষতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে।
সরকারি দলের সংসদ সদস্য নূরুল ইসলামের অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "পাঠ্যপুস্তকে বিকৃত ও ভুল তথ্য সম্বলিত ইতিহাস সংশোধন করে সঠিক তথ্য ইতিহাস সংযোজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং ১০ এপ্রিল জারীকৃত স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।"
চলতি শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো জানান, উচ্চ শিক্ষা প্রসারের জন্য এ সরকার ঢাকায় ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে।
এছাড়া রাঙামাটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম সরকার হাতে নিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৪০ ঘ.
bdnews24