২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রায় ৮০ হাজার গাড়ি 'ফিটনেসখেলাপি'

বর্তমানে ঢাকা মহানগরীতে প্রায় ৮০ হাজার গাড়ি চলছে, সেগুলোর ফিটনেস সনদ নবায়ন করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 10:00 AM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমানে ঢাকা মহানগরীতে প্রায় ৮০ হাজার গাড়ি চলছে, সেগুলোর ফিটনেস সনদ নবায়ন করা হয়নি। এ তথ্য জানিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বুধবার সংসদে বলেছেন, ফিটনেসবিহীন ও ফিটনেসখেলাপি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা ৩ টা ৫ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। সরকারি দলের সংসদ সদস্য এনামুল হকের এক প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী বলেন, রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রথম নিবন্ধনের সময় প্রতিটি গাড়ির ফিটনেস সনদ দেওয়া হয় এবং নির্ধারিত মেয়াদ শেষে মালিককে তা নবায়ন করে নিতে হয়। "সময় মতো নবায়নে ব্যর্থ হলে বিআরটিএ সংশ্লিষ্ট গাড়িকে ফিটনেসখেলাপি হিসেবে চিহ্নিত করে। বর্তমানে রাজধানীতে এমন গাড়ির সংখ্যা ৭৯ হাজার ২৪৫টি।" আবুল হোসেন জানান, চলাচললের অনুমোদনবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ-এর দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা মহানগরীতে ছুটির দিন ছাড়া প্রতিদিন দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে। সারাদেশে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোটরযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ বিভাগ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানান মন্ত্রী। সরকার দলের সংসদ সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, বিআরটিসি'র গাড়ি বহরে বর্তমানে ৪১৫টি বাস ও ১৩৯টি ট্রাক রয়েছে। তবে অবচয় ও সরকারি ঋণের সুদ অন্তর্ভুক্ত করা হলে বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হবে না বলে জানান তিনি। বিআরটিসিকে লাভজনক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও মন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এসএম/এমআই/১৫৫০ ঘ.