২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গা শিল্প ফের সচল

১০ দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে বুধবার সকাল থেকে কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 07:35 AM

Updated : 24 Aug 2022, 07:14 PM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে বুধবার সকাল থেকে কাজ শুরু হয়েছে। বিদেশ থেকে বাতিল (স্ক্র্যাপ) জাহাজ আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নতুন আদেশ প্রত্যাহারের দাবিতে মালিকরা ২১ ফেব্র"য়ারি থেকে ইয়ার্ডগুলোতে কাজ বন্ধ রাখে। তবে এ নিয়ে সরকারের সঙ্গে 'ফলপ্রসূ' আলোচনার পরিপ্রেক্ষিতে ইয়ার্ডগুলো পুনরায় খোলা হয়েছে বলে ইয়ার্ড মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশ প্রত্যাহারের বিষয়ে সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হওয়ায় এবং শ্রমিকদের স্বার্থের দিক বিবেচনা করে ইয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছি। তবে সরকার নতুন আদেশ প্রত্যাহার না করলে পুনরায় ইয়ার্ড বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় এ বছরের ২১ জানুয়ারি জারি করা এক আদেশে পুরনো ও বিষাক্ত স্ক্র্যাপ জাহাজ আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকার বা সরকার নিয়োজিত প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ ছাড়পত্র আনা বাধ্যতামূলক করে। এ আদেশ প্রত্যাহারের দাবিতে মালিকরা বিভিন্ন ইয়ার্ড বন্ধ করে দেয়। এছাড়া সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মালিকরা শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে বলেও অভিযোগ রয়েছে। ইয়ার্ড খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ, মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলীয় এলাকা জুড়ে গড়ে ওঠা জাহাজ ভাঙ্গা শিল্পের সাথে ২৫-৩০ হাজার শ্রমিক প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে। সেখানে ইয়ার্ড রয়েছে প্রায় ১০০টি। সম্ভাবনাময় শিল্প হওয়া সত্ত্বেও পরিবেশ রক্ষা ও শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে জাহাজ ভাঙ্গা শিল্পে সুনিদিষ্ট কোনো নীতিমালা নেই। জাহাজ কাটার সময় দুর্ঘটনায় গত বছরও বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৩০ ঘ.