ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।
আসামি পক্ষের সময়ের আবেদনে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসাইন আগামী ২১ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।
বুধবার এ মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ আসামিদের কৌঁসুলিরা সময়ের আবেদন জানান। একইসঙ্গে তারা জানান, এ মামলার বিষয়ে হাইকোর্টের একটি রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
এ মামলাটি বাতিলের জন্য গত বছরের ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তারেকের পক্ষে হাইকোর্টে দু'টি পৃথক আবেদন দায়ের করেন তাদের আইনজীবী। এরপর ১৫ অক্টোবর মামলাটি কেন বাতিল হবে না জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করে হাইকোর্ট।
গত ৩ ফেব্র"য়ারি হাইকোর্টের আদেশে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে আসামি পক্ষ সময় চেয়ে আবেদন করলে তা বিচেনায় নিতে বলা হয়।
ছয় আসামির কেউ বুধবার আদালতে উপস্থিত ছিলেন না।
জিয়া ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র।
মামলার অপর আসামিরা হলেন-জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৫০ ঘ.
bdnews24