পাবনা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত।
মামলার অপর ১৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাজিদুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ঈশ্বরদী উপজেলার কৈকুণ্ডা গ্রামের নজরুল ইসলাম ওরফে নাজু (৩২)।
দুই থেকে সাত বছর মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের বিষু, তসলিম, রিয়াজ, হামিদুল, রিয়াজুল, জনাব আলী, আবুল কালাম, আহমদ আলী, স্বপন, মাসুম, খোকন, দুলাল ও সিরাজুল।
কারাদণ্ডপ্রাপ্ত রঞ্জু ও মিনারুল নামের দুই আসামি পলাতক রয়েছেন।
বাকি দুই আসামির মধ্যে আব্দুল জব্বারকে খালাস এবং নাজির হোসেনের মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালের ১০ জুন পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুণ্ডা গ্রামে ওয়াপদা বাঁধে মাছ ধরাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের সময় আমজাদ হোসেন নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন নিহতের ছোট ভাই ওয়াসেফ আলী বাদি হয়ে ১৮ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন।
২০০২ সালের ১৮ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ পরিদর্শক (এইআই) জহুরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় ১৮ জনের সাক্ষ্য নেয় আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুস সামাদ খান। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট আব্দুর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24