সাতক্ষীরা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের মিছিলে হামলা মামলায় সাতক্ষীরার দেবহাটায় তিন জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান দেবহাটা থানার ওসি শাহজাহান আলী খান।
এরা হলেন- উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের গোলাম রহমান (৬২), উত্তর সখিপুর গ্রামের আব্দুস সামাদ (৫০) ও মাঝ পারুলিয়া গ্রামের আবু হুরাইরা (৩০)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিনজনই গত ১১ ফেব্র"য়ারি উপজেলার পারুলিয়ায় আওয়ামী লীগের মিছিলে হামলা মামলার আসামি।
তিনি বলেন, আওয়ামী লীগের মিছিলে জামায়াত-শিবির সমর্থকদের হামলায় কয়েকজন আহত হয়। ওই ঘটনায় দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি ফারুক হোসেন রতন ওইদিন রাতেই ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামি করে মামলা করেন।
ঘটনার পরদিন শিবিরকর্মী সখিপুর কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরো বলেন, তিন আসামির মধ্যে আবু হুরাইরাকে সাতক্ষীরা সদর থানায় করা সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24