ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিত্যক্ত জাহাজ আমদানিতে সরকারের নতুন নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়েছে এ খাতের তিনটি সংগঠন।
সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে রি রোলিং মিলস, শিপ ব্রেকার্স ও স্টিল মিল অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।
সংগঠনগুলো বলছে, পরিবর্তন না হলে তাদের প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ২০ হাজার লোকের কর্মসংস্থান হুমকিতে পড়বে।
গত ২১ ফেব্র"য়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এসআরও-র একটি শর্ত অনুযায়ী স্ক্র্যাপ ভেসেল আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট রপ্তানিকারক দেশের সরকার বা সরকার অনুমোদিত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র শিপিং ডকুমেন্টের সঙ্গে দাখিল করতে হবে।
বিষাক্ত ও বর্জ্যবাহিত জাহাজ আমদানিরোধে সরকার এ সিদ্ধান্ত নেয়।
লিখিত বক্তব্যে বাংলাদেশ রি রোলিং মিলস অ্যাসোসিয়েশন চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, "এই আদেশের ফলে শিপ ব্রেকার্সরা পুরাতন জাহাজ আমদানি করতে পারবে না। এর সুযোগ নেবে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও চীনের মতো দেশ।"
এতে দেশের স্টিল মিলগুলো কাচামাল সংকটের মুখে পড়বে বলেও অভিমত দেন তিনি।
বক্তারা আরো বলেন, এ শিল্পের স্বার্থে সরকারের কিছুটা নমনীয় আচরণ করা উচিত। এজন্যে সরকারকে প্রাথমিকভাবে ছাড় দিতে হবে। শিপ ব্রেকিং শিল্পে পরিবেশ দুষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ব্যবস্থা বাস্তবায়নে আরো সময় প্রয়োজন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টিল মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল
bdnews24