২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্ত ইকবাল কারাগারে

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল কারাগারে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 11:59 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল কারাগারে গেছেন। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ইকবাল রোববার ঢাকার ১ নম্বর বিশেষ জজ এএসএম আমিনুল ইসলামের আদালতে আত্মসপর্মণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ মার্চ ইকবালের সাজা হয়। তবে রায়ের সময় তিনি পলাতক ছিলেন। ২০০৭ সালের ২৫ জুন গুলশান থানায় করা ওই মামলায় অভিযোগ করা হয়, ইকবাল কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৬৯২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি ঘোষিত আয়ের বাইরে ২ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৭১৯ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। ডা. ইকবালকে দুটি ধারায় অবৈধ সম্পত্তি অর্জনের জন্য ১০ বছরের সশ্রম এবং সম্পত্তির তথ্য গোপনের জন্য তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়ার তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। স্বামীর দুর্নীতিতে সহায়তা করায় ইকবালের স্ত্রী মমতাজ বেগম এবং দুই ছেলে মঈন ইকবাল ও ইকরাম ইকবাল এবং মেয়ে নওরিন ইকবালেরও সাজা হয়। তবে বিচারিক আদালতে তাদের সাজার আদেশে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে বলে ইকবালের কৌঁসুলিরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৭৪৭ ঘ.