গাজীপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিত পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আনসার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "সুসংগঠিত বাহিনীর সদস্য হিসেবে পরিকল্পিত পরিবার গঠনে আপনারা গুরুত্বপুর্ণ ভমিকা পালন করবেন। আপনার নিজেদের পরিবার যেমন ছোট রাখবেন, তেমনি অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করবেন।"
রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩০তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "আমাদের এ ছোট দেশে ১৫ কোটি মানুষের বসবাস। আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টায় সবচেয়ে বড় বাধা জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি।"
সুসংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত দল হিসাবে আনসার বাহিনীকে গ্রামীণ জনজীবনে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, অঙ্গীভূত আনসারদের ন্যূনতম দৈনিক ভাতা ১১১.৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। ব্যাটলিয়ন আনসারদের চাকরি স্থায়ীকরণের সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে নয় বছর করা হয়েছে।
আনসার ভিডিপি একাডেমিতে স্থাপিত হাসপাতালকে একটি নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এছাড়া অল্প সময়ের মধ্যে বাহিনীর নতুন সদর দপ্তর স্থাপনের জন্য বরাদ্দ ও স্থাপনা নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন।
এসএ গেমসে স্বর্ণ পদকসহ বেশ কয়েকটি পদক পাওয়ায় আনসার বাহিনীর প্রশংসা করে আরো সুসংগঠিত, সততা, আন্তরিকতার ও সাহসের সঙ্গে কাজ করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান।
তাকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার ও আনসার মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।
পরে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরির্দশন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম ও প্যারেড কমান্ডার মো. ফখরুল ইসলাম।
এর আগে প্রধানমন্ত্রী বিশেষ নৈপুণ্য ও কৃতিত্বের জন্য পাঁচ আনসার সদস্যকে পদক দেন।
পদক প্রাপ্তরা হলেন- মো. মোজাম্মেল হক মোল্লা (বাংলাদেশ আনসার পদক মরণোত্তর), মো. নজরুল ইসলাম খান লেবু (বাংলাদেশ ভিডিপি পদক), মো. শরিফ উদ্দিন, মো. নওশাদ আলী, মো. ইকলাছুর রহমান (রাষ্টপতির আনসার পদক)।
প্রধানমন্ত্রী একাডেমির লেকভিউ প্রাঙ্গণে আনসার সদস্যদের তৈরি কুটির শিল্প সামগ্রী পরিদর্শন করেন এবং ডিসপ্লে, গ্রামীণ জীবনমুখী নাটক ও কোরিওগ্রাফি উপভোগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সংসদ সদস্য রহমত আলী, আ ক ম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল, কয়েকজন কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, আনসার ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।
সবশেষে প্রধানমন্ত্রী আনসার কর্মকর্তারের নিয়ে দরবার হলে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24