২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নিরাপত্তা বাড়াতে হাসিনার নির্দেশ

বিএনপির দাবির প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দাবি অনুযায়ী এসএসএফ বাহিনী পাচ্ছেন না বিরোধী নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 11:49 AM

Updated : 24 Aug 2022, 07:07 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দাবির প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দাবি অনুযায়ী এসএসএফ বাহিনী পাচ্ছেন না বিরোধী নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার একথা জানিয়েছেন। তিনি একইসঙ্গে বলেছেন, "শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকাকালে যে ধরনের নিরাপত্তা পেতেন, খালেদা জিয়া তার চেয়ে তিনগুণ নিরাপত্তা পেয়ে আসছেন।" দলীয় চেয়ারপারসন খালেদার নিরাপত্তায় বিএনপি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চেয়ে আসছে। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এ দাবি তোলা হয়। শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর আশরাফ সাংবাদিকদের বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেন বিরোধীদলীয় নেতাকে আরো নিরাপত্তা দেওয়া হয়।" এসএসএফ নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, "আইন অনুয়ায়ী বিরোধীদলীয় নেতা এসএসএফ'র নিরাপত্তা পান না।" বিএনপি অবশ্য এক্ষেত্রে নতুন আইন করে বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ নিরাপত্তা চাইছে। তবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছুকাল দুই রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়া এসএসএফ নিরাপত্তা পেয়েছিলেন। খালেদা জিয়ার কার্যালয়ের সামনে সাম্প্রতিক বিস্ফোরণ এবং বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই তার নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে আসছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৪৪ ঘ.