ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশসহ আহত হয়েছে অন্তত ১২৫ জন।
শনিবার উপজেলা সদরের গরু বাজার এলাকায় কওমি মাদ্রাসা ও আহলে সুন্নত এর অনুসারীদের এই সংঘর্ষের সময় দুটি মাদ্রাসা ও দুটি বাড়ি ভাংচুর করা হয়।
আহলে সুন্নত অনুসারীদের সমাবেশ মঞ্চ ভেঙে আগুন ধরিয়ে দেয় কওমি পন্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানিয়েছেন সরাইল থানার ওসি সুভাষ সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহলে সুন্নত এর অনুসারীদের সমাবেশ নিয়ে সকাল থেকে কওমি মাদ্রাসাপন্থীদের সঙ্গে তাদের উত্তেজনা চলছিল। ১০টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষের কারণে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ওসি জানান, দুপুরে দ্বিতীয় দফা সংঘর্ষের সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ও সরাইল থানার উপ-পরিদর্শক আবদুল আলীম।
দফায় দফায় সংঘর্ষে অন্তত ১২৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি আহত সবার পরিচয় জানাতে পারেননি।
ওসি জানান, সংঘর্ষের সময় সরাইলের বেপারী পাড়ায় একটি কওমি মাদ্রাসা এবং বাড্ডা পাড়ায় একটি আলিয়া মাদ্রাসা ভাংচুর হয়।
এছাড়াও বেপারী পাড়ার সৌদী প্রবাসী আরশ আলীর বাড়ি ও বারিউড়ার একটি বাসা ভাংচুরের শিকার হয়।
হামলাকারীরা আরশ আলীর বাড়িতে লুটপাট করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিনি সামাল দিতে পুলিশ কমপক্ষে ২০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। উপজেলা সদরের বিভিন্ন স্থানে র্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি সুভাষ সাহা জানান।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঈদগাহ ময়দানে সুন্নী আন্দোলন ও কওমি মাদ্রাসাপন্থীরা সকাল ৯টায় পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় জেলা প্রশাসন পুরো শহরে ১৪৪ ধারা জারি করে।
সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24