যশোর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরে ট্রাক চাপায় এক কলেজছাত্রী মারা গেছেন। আহত হয়েছেন তার এক সহপাঠী।
শুক্রবার সকালে শহরের জিলা স্কুলের সামনে রিকশা আরোহী এই দুই ছাত্রী দুর্ঘটনার শিকার হন। এতে রিকশাচালকও আহত হয়েছেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা শহরের মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ভাংচুর করে বেশ কিছু যানবাহন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয় বলে কোতয়ালি মডেল থানার ওসি আব্দুল কাদের বেগ জানান।
নিহতের নাম- শাহনাজ পারভীন ওরফে রিক্তা (২১)। তিনি যশোরের সরকারি এমএম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের স্কুলশিক্ষক ফজলুল হকের মেয়ে।
আহত ঝর্না খাতুন শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আবু বকরের মেয়ে।
ওসি জানান, সকাল সাড়ে ১০টার দিকে রিকশায় করে বাজারে যাওয়ার সময় পেছন থেকে মাটিবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে রিক্তা মারা যান।
আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার পর জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক ও ভাংচুর করে। ট্রাকচালক পালিয়ে যায়।
দুই ছাত্রী হতাহতের ঘটনা শুনে এমএম কলেজের ছাত্ররা দলে দলে রাস্তায় নেমে আসে। তারা ঘটনাস্থল মুজিব সড়কের জিলা স্কুল মোড় ও জজ আদালত মোড়ে লাঠিসোটা হাতে অবস্থান নেয়। তারা টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ছাত্ররা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষুব্ধ ছাত্রদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা ও বেশ কয়েকজন ছাত্র আহত হয়।
তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে দুপুর ২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্ররা।
দিনের বেলায় শহরে ট্রাক চলাচল বন্ধ এবং জিলা স্কুল মোড়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দেন সংসদ সদস্য খালেদুর রহমান টিটো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24