২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির সহিংসতা তদন্তের আহ্বান ইইউ'র

রাঙামাটিতে সহিংসতা এবং এতে সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ দ্রুত, পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ই্উরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 12:58 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে সহিংসতা এবং এতে সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ দ্রুত, পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানান ইইউ'র মুখপাত্র ও ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন অ্যাশটন। তিনি ইইউ'র পররাষ্ট্র প্রসঙ্গ ও নিরাপত্তা কৌশল বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধিও। পার্বত্য চট্টগ্রামে ১৯ ও ২০ ফেব্রুয়ারির সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, "রাঙামাটির বাঘাইহাটে আদিবাসীদের হত্যা, তাদের প্রায় চারশ ঘর পোড়ানো হয়েছে বলে খবর পেয়েছে ইইউ।" ওই ঘটনায় সেনা সদস্য এবং সেনাবাহিনীর নিয়োজিত শ্রমিকরা অংশ নেওয়ার অভিযোগ বিষয়ে ইইউ সচেতন বলে জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, "এ ঘটনা এবং এতে সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ দ্রুত পূর্ণাঙ্গ এবং স্বাধীনভাবে তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ইইউ। এ লজ্জাজনক ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতেও সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।" "পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে এ ঘটনার কীরকম প্রভাব পড়তে পারে সে বিষয়েও ইইউ সচেতন," জানিয়ে বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে ইইউ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৮৪৮ ঘ