২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় রাবির সহকারী রেজিস্ট্রার নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. ওয়াসেক মামুন (৪৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 12:51 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. ওয়াসেক মামুন (৪৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার বিকালে রাজশাহী নগরীর কুমারপাড়ায় দুর্ঘটনার শিকার হন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী তার মৃত্যুর খবর নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ওয়াসেক মামুন বিজ্ঞান অনুষদে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে ওয়াসেক মামুন মোটরসাইকেলে করে তার বন্ধু, স্থানীয় ব্যবসায়ী মামুনুর রশীদসহ নগরীর ভদ্রা এলাকা থেকে হোসনীগঞ্জের বাসায় ফিরছিলেন। কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহীকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেল সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে ওয়াসেক পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা ওয়াসেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ওয়াসেকের সঙ্গী মামুনুর রশীদ ও সাইকেল আরোহী অমিতও আহত হন। নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা অমিত সাংবাদিকদের বলেন, তিনি রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.