২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে রঙের কারখানায় আগুন

গাজীপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগে ২১ শ্রমিকের মৃত্যুর পরদিন ঢাকার সাভার উপজেলায় একটি রঙের কারখানায় আগুন লাগে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 11:52 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

সাভার, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগে ২১ শ্রমিকের মৃত্যুর পরদিন ঢাকার সাভার উপজেলায় একটি রঙের কারখানায় আগুন লাগে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলার ঋষিপাড়ায় শুক্রবার দুপুরে উজালা পেইন্টস নামের রঙের কারখানাটিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপক শরিফ উল্লাহ। তিনি সাংবাদিকদের জানান, আগুনে রঙ তৈরির কাঁচামাল, দুটি যন্ত্র ও বার্নিশ তৈরির কক্ষটি সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানার শ্রমিক আকবর আলী জানান, দুপুর ২টার দিকে বার্নিশ শাখায় আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে বার্নিশ শাখা পুরো পুড়ে গেছে। গুদামের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) এর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আক্তারুজ্জামান জানান, সাভার ও ডিইপিজেডের চারটি ইউনিট বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনিও ধারণা করছেন। দমকল কর্মকর্তা জানান, প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। ঘটনাস্থলে উপস্থিত সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক কামাল জানান, বার্নিশ তৈরির সময় মিক্সার মেশিনের গ্যাসের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে কেউ হতাহত হয়নি। গাজীপুরের ভোগড়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি সোয়েটার কারখানায় আগুন লাগে। এতে ২১ শ্রমিক মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.