২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য পরিস্থিতির জন্য শান্তিচুক্তি দায়ী : সাকা চৌধুরী

পার্বত্য চট্টগ্রামের বর্তমান অশান্ত পরিস্থিতির জন্য 'পার্বত্য শান্তিচুক্তি'কে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 11:29 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের বর্তমান অশান্ত পরিস্থিতির জন্য 'পার্বত্য শান্তিচুক্তি'কে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 'বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ' শীর্ষক এই আলোচনা সভাটি আয়োজন করে ন্যাশনাল পিপপলস পার্টি (এনপিপি)। সালাউদ্দিন বলেন, ''পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির নামে অশান্তির যে বীজ বপন করা হয়েছিল, আজ সেই বীজের বিস্ফোরণ ঘটেছে। ওই চুক্তিটি অসম ও অসাংবিধানিক।'' ''পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছিলো সেখানে সব মানুষের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা বিধানে," বলেন সালাউদ্দিন। তিনি বলেন, "সন্তু বাবুদের শান্তি বাহিনীর কথা দেশের মানুষ জানে। সেজন্য সরকার ক্ষমতায় বসে সেখান থেকে সেনা প্রত্যাহার করলে আমরা বিরোধিতা করেছিলাম। কিন্তু সরকার আমাদের কথা শুনেনি।'' বিরোধী দলের সমালোচনা রুখতে সরকার বিরোধীদের ওপর দমন-নির্যাতনের পথে এগিয়েছে বলে সমালোচনা করেন সালাউদ্দিন। চট্টগ্রামে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর পুলিশি হামলারও নিন্দা জানান তিনি। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকারের একটি বছর প্রতারণার বছর ছিল। এক বছরেও তারা বিডিআর হত্যার বিচার শুরু করতে পারেনি।'' 'জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের' নাম পরিবর্তনেরও সমালোচনা করেন সালাউদ্দিন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আশপাশের লোকজন থেকে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, ''বিরোধী দল আপনার বিরুদ্ধে নয়। আপনার আশপাশের লোকজনই ষড়যন্ত্রকারী। তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকুন।'' এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাজিয়া ফয়েজ, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭২২ ঘ.