২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে হিন্দু পরিবারের বাড়ি ভাংচুর

মাদারীপুরের কালকিনীতে এক হিন্দু পরিবারের বাড়িতে বৃহস্পতিবার রাতে ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এতে আহত হয়েছে দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 06:04 AM

Updated : 24 Aug 2022, 07:07 PM

মাদারীপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনীতে এক হিন্দু পরিবারের বাড়িতে বৃহস্পতিবার রাতে ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এতে আহত হয়েছে দুজন। হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চরদৌলত খা গ্রামের বেপারী বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে ওই হামলা হয় বলে কালকিনী থানার উপপরিদর্শক ওয়াদুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। আহতরা হলেন- জোছনা বেপারী (৫০) ও শিপন শিকদার (২৭)। ঘটনাস্থল থেকে ফিরে পুলিশ কর্মকর্তা ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেপারী বাড়ির নারিকেল গাছ থেকে একই এলাকার শহীদুল সরদার জোর করে ডাব পাড়তে গেলে ওই বাড়ির লোকজন বাধা দেয়। তখন শহীদুল ও তার অনুসারীরা সতীশ বেপারী ও বিবেকানন্দ বেপারীর দুটি বসতঘর ভাংচুর করে।" ধারালো অস্ত্রের আঘাতে আহত জোছনাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিপনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। কালকিনী থানার ওসি মো. মেজবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'বৃহস্পতিবার রাতেই শহীদুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।" জোছনার ছেলে বিরাজ বেপারী বৃহস্পতিবার রাতেই থানায় একটি মামলা করেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪৫ ঘ.