২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র‌্যাবের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 05:34 AM

Updated : 24 Aug 2022, 07:07 PM

রংপুর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র‌্যাবের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর পুলিশ। তার সহযোগী পুলিশের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। খোঁজা হচ্ছে ওই অপরাধের সহযোগী আরেক র‌্যাব সদস্যকে। গ্রেপ্তারকৃতরা হলেন- র‌্যাব-৫ এ কর্মরত কনস্টেবল আবুল হোসেন এবং রংপুর জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নাসির। একই অভিযোগে র‌্যাব-৫ এ কর্মরত উপপরিদর্শক (এসআই) গোলাম রসুলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক নূর আলম জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ওই তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তারা আতিয়ার রহমান নামে এক ভারতীয় ব্যবসায়ীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগে আতিয়ারের স্বজন নাসিরউদ্দিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকদিন আগের ওই ঘটনায় শুক্রবার মামলার পর রাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে দুই র‌্যাব সদস্য ও এক পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার কথা জানায়।" নূর আলম জানান, এএসআই নাসিরকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন ও গোলাম রসুলের বিষয়টি র‌্যাবকে জানানো হলে র‌্যাব রাতে তাকে পুলিশে সোপর্দ করে। গোলাম রসুল পালিয়ে গেছে জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, তাকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.