ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি রুটে পদ্মা নদীতে সূর্যাস্তের আধা ঘণ্টা আগে থেকেই স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ওই রুটের (মাওয়া-কাওড়াকান্দি) লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাবও নাকচ করা হয়েছে। ফলে এ রুটের ভাড়া আগের মতোই ১২ টাকা থাকবে।
বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান ।
সভায় মাওয়া নৌ-বন্দরে দ্রুত 'ওয়ান স্টপ' সার্ভিস চালু করার সিদ্ধান্তও নেয়া হয়।
এছাড়াও সভায় মাওয়া পয়েন্টের বর্তমান স্পিডবোট ঘাট স্থানান্তর এবং ১ মার্চ থেকে মাওয়া ও কাওড়াকান্দি উভয় ঘাট থেকে স্পিডবোটে যাত্রী পারাপারের সিদ্ধান্তও নেওয়া হয়।
তবে কোরো ফেরি বা লঞ্চের সঙ্গে স্পিডবোট বেঁধে না রাখার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ রুটে স্পিডবোট চলাচলের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের উপ-সচিবকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ওই রুটে যাত্রী পরিবহনে স্পিডবোটের ভাড়াও নির্ধারণ করবে।
মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাবটি পরবর্তীতে বিবেচনা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লঞ্চ মালিক-স্পিডবোট মালিকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১১০০ ঘ.
bdnews24