গাজীপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুর সদরের ভোগরা এলাকায় গরীব অ্যান্ড গরীব নামে একটি সোয়েটার কারখানায় বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ১৫ জন নারী এবং ৬ জন পুরুষ। এছাড়া আহত হয়েছে আরো অর্ধশতাধিক শ্রমিক।
গাজীপুর সদর হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও গাজীপুর বোর্ডবাজারের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আতাউল ইসলাম, মামুন অর রশিদ ও সাহাদাত হোসেন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গাজীপুর সদর হাসপাতালে ৮ মহিলা শ্রমিকসহ ১১ জন, টঙ্গী সরকারি হাসপাতালে পাঁচ মহিলাসহ সাতজন এবং তায়রুন্নেসা হাসপাতালে দুই মহিরাসহ তিনজন মারা যান।
ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে জ্ঞান হারানোর পর তাদের হাসপাতালে নেওয়া হয়।
দমকল বাহিনীর গাজীপুর স্টেশন অফিসার আবুর জাফর আহমেদ জানান, দমকল বাহিনীর সদর দপ্তর, কুর্মিটোলা, টঙ্গী ও গাজীপুর থেকে বেশ কয়েকটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
আহত ২০ থেকে ২৫ জনকে রাত পৌণে ১২টার দিকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
দুর্ঘটনায় মোট আহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আতাউল এদের ১১জনকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর হাসপাতাল যাদের মৃত্যুর খবর নিশ্চিত করে তাদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলেন- রওশন আরা, সাহারা খাতুন, শাহীনূর, জরিনা আখতার, ফরিদা বেগম, মাজেদা বেগম ও মজিদা।
টঙ্গী সরকারি হাসপাতাল যাদের মৃত্যু নিশ্চিত করেছে তাদের নাম জানা যায়নি।
তায়রুন্নেসা হাসপাতালে চিকিৎসাধীন ছয়জনের মধ্যে তিনজন মারা গেছেন। তারা হলেন- আফিয়া (৩৫), রিনা (৩২) ও প্রদীপ কুমার দে (৩০)।
সাত তলা ভবনের দ্বিতীয় তলায় কারখানার লিংকিং শাখায় রাত ৯টায় আগুন লাগে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মী সুমন।
সুমন বলেন, "কর্মীরা কাজ শেষে বেরিয়ে যাওয়ার পর রাত ৯টায় আগুন লাগে। পরে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।"
এসময় তৃতীয় তলায় বেশকয়েকজন আটকা পড়ে বলে জানান সুমন।
আটকা পড়াদের মধ্যে তিনজন কর্মীকে জানালার গ্রিল কেটে রাত ১০টার দিকে উদ্ধার করে দমকল বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/এইচএ/০২০৮ ঘ.
bdnews24