রাজশাহী, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা রাজশাহী মহানগর জামায়াতের দুই নেতাকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ ও সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসেনকে জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
হাকিম রুহুল আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি তোফাজ্জল হোসেন।
শিবিরের হামলা, পুলিশের কাজে বাধা দান ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ১৬ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রথম দফায় পাঁচদিন এবং দ্বিতীয় দফায় তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
একই মামলায় পরদিন রাজশাহীর নগর জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের পর প্রথম দফায় পাঁচ এবং দ্বিতীয় দফায় দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
৮ ফেব্র"য়ারি রাতে রাবির হলে হলে শিবিরের হামলায় শাহ্ মখদুম হলের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ফারুক খুন হন বলে পুলিশ জানায়।
শিবিরকর্মীদের হামলায় আহত হয় অর্ধশতাধিক। এর মধ্যে ছাত্রলীগের চার কর্মীর পায়ের রগ কেটে দেওয়া হয়।
এসব ঘটনায় একটি হত্যাসহ ছয়টি মামলা হয়। পুলিশ রাজশাহীর জামায়াতের তিন নেতাসহ প্রায় একশ' জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে মহানগর জামায়াতের আমির আতাউর রহমানও রয়েছেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24