ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১২ জেলায় মহিষ চাষে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ৩৪ কোটি টাকা ব্যয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-র সভায় বৃহস্পতিবার এটি অনুমোদন পায়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানিয়ে বলেন, "এ প্রকল্পের অধীনে নতুন খামার স্থাপন এবং পুরনো খামারগুলোর উন্নয়ন করা হবে।"
এছাড়াও একনেক সভায় ১১২৯ কোটি টাকার আরো আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় এদিন। এর মধ্যে প্রকল্প সাহায্যের পরিমাণ ৩৩০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ৬৭ কোটি টাকা ব্যয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের 'বৃহত্তর ফরিদপুর জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প', ১৬৯ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের 'মেঘনা নদীর ভাঙন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা (হাইমচর) এবং বাঞ্ছারামপুর উপজেলার বাম তীর রক্ষা প্রকল্প', ৫০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 'স্বচ্ছ ব্যালট বক্স (২য় সংশোধিত) প্রকল্প', ৩২৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 'কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওনাল সার্ভার স্টেশনস্ ফর ইলেক্টোরাল ডাটাবেইজ (সংশোধিত) প্রকল্প'; ৪৬ কোটি টাকা ব্যয়ে বস্ত ও পাট মন্ত্রণালয়ের 'জোরারগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ (সংশোধিত) প্রকল্প', ৯০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দূর্গাপুর সড়ক উন্নয়ন প্রকল্প', ৬৫ কোটি টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের 'ঢাকার গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বহুতল বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প', ৩১৬ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'হাইজিন, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রকল্প (১ম সংশোধিত)'।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও একনেক এর বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/জিএনএ/২১২৯ ঘ.
bdnews24