২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 10:28 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ তাবাসসুম ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- ভৈরব উপজেলার মো. মোখলেছ, মো. নয়ন মিয়া, মো. আকতার মিয়া ও সেলিম মিয়া। সেলিম মিয়া ছাড়া বাকি তিনজন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সাগড়াপাড়া গ্রামের আব্দুর রশিদ ভৈরবে একটি হোটেলে কাজ করার সুবাদে মা-ভাই-বোনকে নিয়ে চণ্ডিবের সুলতানপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রতিবেশী মোখলেছ তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ২০০৪ সালের ২৪ জানুয়ারি রাতে তিন আসামির সহায়তায় মোখলেছ কুপিয়ে হত্যা করে রশিদকে। পরদিন ভৈরব রেলওয়ে সেতুর নিচে রশিদের লাশ পাওয়া যায়। এই ঘটনায় মোখলেছ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা করেন রশিদের ভাই। পরে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গৌতম রায় চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মলয় ভৌমিক। আসামি পক্ষে আইনজীবী ছিলেন মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমএসবি/১৬২৩ ঘ.