২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণের তদন্ত দাবি বিএনপির

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিস্ফোরণের তদন্ত দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 07:04 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিস্ফোরণের তদন্ত দাবি করেছে বিএনপি। দলের নেতারা বলছেন, খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই ওই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সঙ্গে যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আযমের সংশ্লিষ্টতার ইঙ্গিতও দিয়েছেন তারা। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে হাতে তৈরি দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আবদুল হামিদ পবন আহত হয় বলে বিএনপি নেতারা জানান। এক সপ্তাহ আগেও ওই কার্যালয়ের সামনে থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছিলো। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের চেয়ারপারসনের প্রাণনাশের উদ্দেশ্যেই কার্যালয়ের সামনে দুষ্কৃতিকারীরা গতকাল (মঙ্গলবার) বোমা নিক্ষেপ করেছে। এর আগেও চেয়ারপারসনের কার্যালয়ের সামনে একটি মহলবিশেষ বোমা পুঁতে গিয়েছিলো।" 'মহল বিশেষ' বলতে কাদের বোঝাচ্ছেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওই ঘটনার পরপরই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের পাশের সড়ক দিয়ে আওয়ামী লীগের নেতা ও সংসদের হুইপ মির্জা আযমকে তিনবার যাতায়াত করতে দেখা গেছে, শত শত মানুষ তাকে দেখেছে।" মির্জা আযমকে অভিযুক্ত করছেন কি না- জানতে চাওয়া হলে ফখরুল বলেন, "না, তা নয়। তবে ঘটনার পর তাকে সেই রাস্তা দিয়ে চলতে দেখা গেছে। তার অতীত কর্মকাণ্ড সম্পর্কে আপনারা সবই জানেন। আমাদের দাবি, সুষ্ঠু তদন্ত। তা হলেই সব তথ্য বেরিয়ে আসবে।" বিরোধীদলীয় নেতা খালেদার নিরাপত্তা বাড়ানোর দাবিও জানায় বিএনপি। মঙ্গলবার বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে যশোর, নারায়ণগঞ্জ, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ভোলা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে সরকারি দল হামলা চালিয়েছে অভিযোগ করে তার বিচার দাবি করেন ফখরুল। বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের প্রতিবাদে উপজেলা-থানা-পৌরসভায় এ কর্মসূচি দিয়েছিলো বিএনপি। ফখরুল বলেন, "জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল, দ্রব্যমূল্য পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এভাবে বাধা দেওয়া হলে বাধ্য হয়ে আমাদের কঠিন কর্মসূচি দিতে হবে।" ২১ ফেব্র"য়ারি কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীদের হাতে এক তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার নিন্দাও করেন ফখরুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আহমেদ আজম খান, সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ। এদিকে খালেদার কার্যালয়ের সামনে বিস্ফোরণের প্রতিবাদে বিকালে ঢাকায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে ছাত্রদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.