ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে দুই হাজার কোটি টাকা কেটে নিয়েছে সরকার।
বরাদ্দ কমিয়ে নেওয়া 'বাস্তবসম্মত' বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভায় ২০০৯-২০১০ অর্থ বছরের এডিপি সংশোধন করে ৩০ হাজার ৫০০ কোটি টাকা থেকে কমিয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।
সভা শেষে সাংবাদিকদের একে খন্দকার বলেন, "এর আগের বছরগুলোতে এপ্রিল মে মাসে এডিপি সংশোধন করা হতো। এর ফলে যে ভুলগুলো ধরা পড়তো সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার সময় কম পাওয়া যেতো। তাই আমরা এবার আগেই সংশোধন করেছি।"
সভায় প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর জন্য 'দক্ষ ও সৎ' প্রকল্প পরিচালক নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে ১০ হাজার ৬৬২ কোটি টাকার। যা মোট বরাদ্দের ৩৫ শতাংশ। গত অর্থবছরে প্রথম সাত মাসে মোট বরাদ্দের ৩১ শতাংশ (৭৮২৯ কোটি টাকা) বাস্তবায়ন হয়েছিল।
এবারে মূল এডিপিতে ৮৮৬টি প্রকল্প ছিলো। সংশোধিত এডিপিতে এটা বাড়িয়ে ১০৫৭ টি করা হয়েছে।
সংশোধিত এডিপিতে বেশি বরাদ্দ পাওয়া খাতগুলো হলো- শিক্ষা ও ধর্ম, পল্লী উন্নয়ন, পরিবহন, বিদ্যুৎ-তেল-গ্যাস, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, পানি সরবরাহ ও ভৌত কাঠামো এবং কৃষি ও পানি সম্পদ।
গত ১৩ জানুয়ারি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এডিপি বরাদ্দ কমিয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। এরমধ্যে ১৭ হাজার ২০০ কোটি টাকা বাংলাদেশ সরকার এবং ১১ হাজার ৩০০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে আসবে বলে ধরা হয়েছে।
সংশোধিত এডিপিতে ৫৭১ কোটি টাকা থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/২১৪৮ ঘ.
bdnews24