খাগড়াছড়ি, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত থাকায় খাগড়াছড়ি জেলা সদর ও আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলার রাত ৯টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত পৌর এলাকা ও আশপাশের এলাকায় কারফিউ বলবৎ থাকবে।"
তিনি বলেন, কেবল আজ (মঙ্গলবার দিবাগত) রাতের জন্য কারফিউ জারি করা হয়েছে। শহরসহ বিভিন্ন স্থানে সেনা, বিডিআর ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, কারফিউর ঘোষণা দিয়ে মাইকিং করেছে প্রশাসন। কারফিউর সময় লোকজনকে ঘরে থাকতে বলা হয়েছে।
দুপুরে জেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সেনা সদস্য নামে।
এর আগে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ঘর, যার অধিকাংশই পাহাড়িদের।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসক ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়ে মাইকে প্রচার শুরু করেছে। সবাইকে বলা হচ্ছে ঘরে থাকতে। দুপুরের পর থেকে সেনা সদস্যদেরও বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়।
দুপুরের পর থেকে সব রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া জেলা শহরের রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না।
জেলা শহরে পাহাড়িদের কয়েকটি ঘর পুড়ে যাওয়ায় তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাঙালি প্রধান শহরাঞ্চলে হামলার আশঙ্কায় অনেকে শহর ছেড়ে গেছেন।
রাঙামাটির বাঘাইছড়িতে সহিংসতার প্রতিবাদে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের পাল্টাপাটি মিছিল থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।
পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফ মঙ্গলবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছিলো। এর সমর্থনে সকাল ১১টার দিকে তারা জেলা শহরে মিছিল বের করে।
শহরের শাপলা চত্বরের কাছে বাঙালি ছাত্র পরিষদের মিছিলের কাছে পাহাড়িদের মিছিল এলেই সংঘর্ষ বেঁধে যায়। এরপর শহরের গঞ্জপাড়া, মহাজনপাড়া, মিলনপুর, হাসপাতাল এলাকা, হাইস্কুল এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর মধ্যে তিনজন সাংবাদিক রয়েছেন। তারা হলেন- এনটিভি'র জ্যেষ্ঠ প্রতিবেদক তালাত মামুন, দেশ টিভি'র খাগড়াছড়ি প্রতিনিধি মংসাতু মারমা, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি দিলীপ চৌধুরী।
হাইস্কুল এলাকায় খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা তালুকদারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল এলাকায় পোড়ানো হয়েছে চাইহ্লা প্রু মারমার ঘর। মহাজনপাড়ায় সুক্তা দেওয়ানের জেন টেক্সটাইল মিল ভাংচুর হয়েছে। মিলের পেছনে একটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সকালে সংঘর্ষ শুরুর পর যোগাযোগ করা হলে সদর থানার ওসি মো. শাহরিয়ার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে তখন আশঙ্কা করেছিলেন তিনি।
অবরোধের কারণে সকাল থেকেই সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে খাগড়াছড়ি। তবে খুব ভোরে ঢাকা থেকে চারটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি পৌঁছায়।
রাঙামাটিতে অবরোধ চললেও সেখানে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
ভূমির অধিকার নিয়ে পাহাড়ি-বাঙালি বিরোধের জের ধরে শুক্রবার রাঙামাটির বাঘাইছড়িতে বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। পরদিন সেখানে সেনা সদস্যদের উপস্থিতিতে সহিংসতায় বেশ কয়েকজন হতাহত হয়, পোড়ানো হয় শতাধিক ঘর।
দুই পাহাড়ির লাশ ইতিমধ্যে পাওয়া গেছে, যারা সেনা সদস্যদের গুলিতে মারা গেছে বলে পাহাড়িদের অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24