ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত জোট সরকারের সময় চাকরিচ্যুত বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আ ফ ম মহিতুল ইসলাম এক বছরের জন্য প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
তাকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক পদে এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক পদে দায়িত্ব পালনের জন্য তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। কাজে যোগদানের তারিখ থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে।
৫৪ বছর বয়সী মহিতুল এর আগে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সহকারী পরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে তাকে চাকুরিচ্যুত করে।
নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে মুহিতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আগেও ওই দপ্তরে কাজ করেছি। জোট সরকার আমাকে কর্মচ্যুত করেছিল। আমার সহকর্মীরা এখন পরিচালক হয়েছেন।"
১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে ধানমণ্ডির বাসায় সপরিবারে হত্যা করা হয়। সে সময় বঙ্গবন্ধুর রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মহিতুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/২০৪৮ ঘ.
bdnews24