২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে দাতাসংস্থার কর্যক্রম বন্ধের দাবি

পার্বত্য তিন জেলায় দাতা সংস্থাগুলোর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে পাহাড়ের দু'টি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 02:44 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

বান্দরবান, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য তিন জেলায় দাতা সংস্থাগুলোর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে পাহাড়ের দু'টি সংগঠন। রাঙামাটির বাঘাইছড়ির ঘটনায় পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বাঙালিরা নেতারা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ডানিডাসহ কয়েকটি আন্তর্জাতিক দাতা সংস্থাকে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিষবাষ্প ছড়ানোর জন্য দায়ী করে তাদের কর্যক্রম বন্ধের দাবি জানান। তারা বলেন, তাদের উস্কানিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের গঙ্গারামমুখ ও আশপাশের এলাকায় পাহাড়ি-বাঙ্গালী সংষর্ষ বাধে। ওই সময় পাহাড়িরা পাঁচ বাঙালিকে অপহরণ করে। তারা এখনো ফিরে আসেনি বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে সমঅধিকার আন্দোলন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা সহ-সভাপতি এসএন চৌধুরী, মো. ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। গত শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারামমুখ এলাকায় সেনাবাহিনীর গুলিতে অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। তবে পাহাড়িদের দাবি, নিহত হয়েছেন পাঁচজন। অপরদিকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেনাবাহিনীর গুলিতে অন্তত তিনজন মারা যাওয়ার কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৭ ঘ.