২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-জাপা সংঘর্ষে আহত ১৫

ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গত ২১ ফেব্র"য়ারি রাতে ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার রায় অসৎ উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করেন। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তপন রায়কে ধরে ফেলে। পরে তার সমর্থকরা এসে তাকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়। পরদিন সকালে ইউপি সদস্য তপন কুমার রায় এলাকায় ঘোষণা দেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টির স্থানীয় নেতা মোশারফ হোসেন ও তার দলীয় সমর্থকরা তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই কুৎসা রটিয়েছে। এরই জের ধরে ইউপি সদস্য তপন কুমার রায় ও তার দলীয় লোকজন মঙ্গলবার সকালে কৃষ্ণনগর বাজারে লাঠিসোটা নিয়ে জড়ো হয়। এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাজারে আসা চেয়ারম্যান সমর্থকদের মারপিট করতে থাকে। খবর পেয়ে জাপার নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌছে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আহতদের মধ্যে জাপার সোহরাব হোসেন, চৌকিদার সিরাজুল ইসলাম, গ্রাম পুলিশ খায়রুল আলম, আসাদুজ্জামান, নুরুল হক, রুহুল আমিন, আরব আলী ও আইয়ুব আলী এবং আওয়ামী লীগের শওকত আলী, হরিশংকর, তপন বিশ্বাস ও আব্দুর রাজ্জাককে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই মোস্তাফিজ জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.