ঠাকুরগাঁও/নীলফামারী, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে মঙ্গলবার ঠাকুরগাঁও ও নীলফামারীতে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর ও সিল জালের মাধ্যমে ভূয়া সুপারিশ দেখিয়ে জেলা পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কার্যালয়ে আবেদনপত্র জমা দেন এরা।
এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয় ঠাকুরগাঁওয়ে। বাকি দুজন গ্রেপ্তার হন নীলফামারীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- সাবদুল (২৬) ও জয়নাল আবেদীন (১৯) । তারা সম্পর্কে মামা ভাগ্নে।
এসপি বিএম হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কনস্টেবল পদের জন্য সাবদুল ও জয়নাল স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশসহ আবেদনপত্র দিতে আসেন। কিন্তু সুপারিশের ধরন দেখে জাল বলে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়।
থানা হেফাজতে তারা পুলিশের কাছে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশ জাল।
তারা পুলিশকে জানান, আব্দুর রশিদ নামে তাদের এক আত্মীয় আড়াই লাখ টাকা চুক্তিতে তাদের আবেদনপত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর জাল সই ও সিল দেন। তারা এর মধ্যে রশিদকে এক লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ খান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নীলফামারী প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃত দুজন হলেন- ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের আজিজুর রহমান (২০) ও আকাশকুড়ি গ্রামের রোস্তম আলী (২১)।
এসপি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশপত্র নিয়ে তার কার্যালয়ে আসনে। সুপারিশপত্রটি ভূয়া বলে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। সুপারিশপত্রটি যাছাই-বাচাই করে দেখা হচ্ছে।
এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে নীলফামারী সদর থানা হেফাজতে রাখা হয়েছে বলে এসপি জানান।
আগামী ২৫ ফেব্রুয়ারি নীলফামারীতে পুলিশ কনস্টেবল পদে পুরুষ কোটায় ১৫ জন ও মহিলা কোটায় চারজন নিয়োগ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24