ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে বাধা দূর করার প্রক্রিয়া চলছে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সার্ভিসের প্রধান স্টুয়ার্ট পারছিব্যাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।
ভিসাপ্রার্থী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির কথা জানিয়ে সম্প্রতি যুক্তরাজ্য সে দেশে বাংলাদেশ ও ভারতের একাংশের শিক্ষার্থীদের ভিসাদান প্রক্রিয়া স্থগিত করে।
পারছিব্যাল বলেন, "শিক্ষার্থী ভিসার আবেদন অনেক বেশি জমা পড়ায় বাংলাদেশে এ কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। তবে স্থগিতাদেশ শিগগিরই প্রত্যাহারের চেষ্টা চলছে।"
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত শিক্ষামেলা উপলক্ষে হোটেল শেরাটনে ওই সংবাদ সম্মেলন করা হয়।
যুক্তরাজ্যে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আগামী ৪ থেকে ৫ মার্চ হোটেল শেরাটনে এবং ৭ মার্চ চট্টগ্রামে দ্য পেনিনসুলায় অনুষ্ঠেয় এ মেলায় যুক্তরাজ্যের ৩৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশ নেবে।
ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল বলেন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা মেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। ঢুকতে ৫০ টাকার টিকিট কিনতে হবে।
ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস এবং চট্টগ্রামের ৭৭/এ পূর্ব নাসিরাবাদ ঠিকানার ব্রিটিশ কাউন্সিল অফিস থেকে মেলায় প্রবেশের টিকেট সংগ্রহ করা যাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পারফরম্যান্স, মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স-এর প্রধান রাইকা ওয়ালী-খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৮৪০ ঘ.
bdnews24