ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-গঙ্গারামমুখ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিশেষ ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মঙ্গলবার বিশেষ খয়রাতি সাহায্য হিসেবে ১০০ টন চাল, নগদ পাঁচ লাখ টাকা ও ৫০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়।
রাঙামাটির জেলা প্রশাসকের অনুকূলে মঙ্গলবারই এ বরাদ্দ পাঠানো হয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সাহায্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হবে।
ভূমির অধিকার নিয়ে পাহাড়ি-বাঙালি বিরোধের জের ধরে শুক্রবার রাঙামাটির বাঘাইছড়িতে বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। পরদিন সেখানে সেনা সদস্যদের উপস্থিতিতে সহিংসতায় বেশ কয়েকজন হতাহত হয়, পোড়ানো হয় শতাধিক ঘর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24