চাঁদপুর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের কচুয়ায় সরকারি কর্মকর্তাকে পেটানোর ঘটনায় সোমবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রতিবাদ সভা করেছেন।
কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানকে সোমবার সন্ধ্যায় মারধর করে ছাত্রলীগ কর্মীরা।
এ ঘটনায় তিনি রাতেই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আওলাদ সরকার ও এমরান হোসেন, সদস্য মামুন ও ওয়ার্ড যুবলীগ নেতা মো. মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামিকে করে একটি মামলা করেন।
এ মামলায় গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার কড়ৈশ এলাকার ইউসুফের ছেলে নাসির উদ্দিন শিশির (২০) ও মুসলিম উদ্দিনের ছেলে নাসির উল্লাহ (২৮)।
এদের মধ্যে শিশির কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও নাসির উল্যা পৌর যুবলীগের কর্মী বলে জানিয়েছেন কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আবিদ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী আহম্মদ মিয়া প্রমুখ।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আসলে প্রতীকি কর্মবিরতি পালন করেছি। সরকারি কর্মকর্তার উপর হামলার ঘটনার জন্য সহানুভূতি স্বরূপ এই কর্মবিরতি পালন করা হয়েছে।"
এদিকে উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিন চারজন করে পুলিশ মোতায়েন রাখা হবে বলে কচুয়া থানা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৩ ঘ.
bdnews24