চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞাতপরিচয় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে ছাত্রলীগের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার চার নেতাকর্মীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ।
তাদেরকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয় বলে কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সাজা পাওয়া শিক্ষার্থীরা হচ্ছেন- কলেজের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সম্পাদক আসিবুল আলম লিমন, একই ব্যাচের শিক্ষার্থী ও সহ-সম্পাদক কাজী মো. ফয়সাল, এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী এএসএম সোহাগ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী রাব্বী।
অধ্যক্ষ জাহাঙ্গীর জানান, জরুরি বৈঠকে চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডিসিপ্লিনারি কাউন্সিলকে ঘটনাটি তদন্ত করে অল্প সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজ সংলগ্ন পাহাড়ে ছাত্রলীগকর্মীরা এক তরুণীর শ্লীলতাহানি ঘটায় বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়।
এরপর গত রোববার রাতে চমেকের প্রধান ছাত্রাবাসে সালিসি বৈঠকে বসে ছাত্রলীগ। এতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চমেক একাডেমিক কাউন্সিলের সদস্য ও নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ইমরান বিন ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসিপ্লিনারি কাউন্সিলের প্রতিবেদনে অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের মিছিল
অভিযোগ ওঠা চার ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে কলেজের সাধারণ শিক্ষার্থী মঙ্গলবার সকালে ক্যাম্পাসে মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ কর্মসূচিতে ছাত্রলীগও সমর্থন জানায়।
এমন প্রেক্ষাপটে কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে বসে।
সংগঠন থেকে বহিষ্কার
চমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ নাফিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুণীর শ্লীলতাহানির জন্য যে চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সরকার দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ২১ ফেব্র"য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগও এসেছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৯৩০ ঘ.
bdnews24