ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিদেশ যাত্রায় কোনো বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
মাহমুদুরের আবেদনে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইসউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়।
গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যাওয়ার সময় বিমানবন্দরে বাধার মুখে পড়েন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর। এ নিয়ে পরদিন রিট আবেদন করেন তিনি।
মাহমুদুরকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি হবে হবে না, আদালত তার কারণও সরকারের কাছে জানতে চেয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বহির্গমন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক এবং বিমানবন্দর থানান ওসিকে এজন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
আদালতে মাহমুদুরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আমার দেশ-এ প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে মাহমুদুরের বিরুদ্ধে ২০টির বেশি মামলা হয়েছে। সবগুলো মামলায় ইতিমধ্যে জামিন নিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24