২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকসহ ১০ জন কারাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নাটোরে আটক বিশ্ববিদ্যালয় শিক্ষককে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 10:54 AM

Updated : 24 Aug 2022, 07:01 PM

নাটোর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নাটোরে আটক বিশ্ববিদ্যালয় শিক্ষককে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি নয়জনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। সোমবার বিকালে নাটোর শহরের সাহারা প্লাজায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে গোপন সভা করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনসহ ১০ জনকে আটক করে পুলিশ। নাটোর সদর থানা জানায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয় থেকে আটক ১০ জনকে মঙ্গলবার দুপুরে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে বিলহালতি কলেজের প্রভাষক শাহজালাল হোসেন, মাদরাসা শিক্ষক মাওলানা জাকির হোসেন, আবুল হাশেম, সাদরুল উল্লাহ, বীমা কর্মী বদিউজ্জামান, কামরুল ইসলাম, আব্দুল হালিম, সৈয়দ আলী ও আনসার আলীকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অপর আসামি আব্দুল্লাহ আল মামুনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। তাকেও একই কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে ফারইস্টের নাটোর জেলা ব্যবস্থাপক রেজাউল করিম সাংবাদিকদের বলেন, "আটক করার সময় আমাদের কার্যালয় থেকে পুলিশ কোন অস্ত্র উদ্ধার করেনি। "এ ব্যাপারে গণমাধ্যমকেও কোন তথ্য জানানো হয়নি। অথচ আদালতে নেওয়ার পর আমরা জানতে পারি আটককৃতদের অস্ত্র আইনে চালান দেওয়া হয়েছে। এটা বিষ্ময়কর। আমরা এ ঘটনার সঠিক তদন্ত চাচ্ছি।" তবে নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃতদের মধ্যে নয়জনের হেফাজত থেকে একটি ব্যাগে চারটি ধারালো ছোরা পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এতে বিস্মিত হওয়ার কোন কারণ নাই। সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যার সঙ্গে জড়িত আছেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহীতে বার্তা পাঠানো হয়েছে। তাই তাকে সন্দেহমূলক ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.