ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মঈনুল হক চৌধুরী।
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশে এর প্রভাব নিয়ে প্রতিবেদনের জন্য তাকেসহ মোট ছয় সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
তিনি বলেন, "জলবায়ু পরির্র্বতনের কারণে বাংলাদেশ বড় ঝুঁকির মধ্যে রয়েছে। এ ধরনের প্রতিবেদন আরো বেশি বেশি প্রকাশ করে জনসচেতনতা তৈরি করতে হবে।"
বাংলাদেশস্থ কানাডা হাই কমিশন ও বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) যৌথভাবে 'এনভায়রনমেন্ট: ইমপেক্ট অব, এ্যান্ড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ' বিষয়ে এ অ্যাওয়ার্ড দেয়।
সংবাদ সংস্থার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ গত বছর ৮ ডিসেম্বর প্রকাশিত 'সেন্ট মার্টিন'স ট্রেজার এট রিস্ক (মরার আগেই মরে যাচ্ছে সেন্টমার্টিন)' প্রতিবেদনটি সেরা নির্বাচন করে জুরি বোর্ড।
দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- দৈনিক সমকাল এর প্রতিবেদক রফিকুল ইসলাম মন্টু, নয়া দিগন্তের প্রতিবেদক আবুল কালাম আজাদ ও আমার দেশ'র হাসান শান্তন।
টেলিভিশন সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন এটিএন বাংলার রাহুল রাহা ও দেশ টিভি'র বোরহানুল হক সম্রাট।
অনুষ্ঠানে পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার, বাংলাদেশে কানাডা চার্জ দ্যা অ্যাফেয়ার্স রবার্ট ব্যাডেল ও বিসিডিজেসি'র সভাপতি নাঈমুল ইসলাম খানও বক্তব্য রাখেন।
মঈনুল হক ২০০৮ সালে 'জলবায়ু পরিবর্তন ও বিপন্ন বাংলাদেশ' শিরোনামের পাঁচ পর্বের একটি প্রতিবেদনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রবর্তিত 'দুর্যোগ ব্যবস্থাপনায় মিডিয়া অ্যাওয়ার্ড-০৭' পেয়েছিলেন।
মঈনুল হক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ইতিপুর্বে দৈনিক অর্থনীতি, দৈনিক আজকের কাগজ ও দৈনিক ইনকিলাবে কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/এমআই/১২৪০ ঘ.
bdnews24