২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি সাংবাদিকদের

সাংবাদিক রেজোয়ান বিশ্বাসের ওপর হামলা ও মোটর সাইকেল চুরিতে দায়ীরা ছয়দিনেও গ্রেপ্তার না হওয়ায় ডিএমপি কমিশনার একেএম শহীদুল হকের পদত্যাগ দাবি করেছে সাংবাদিকদের তিন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 04:15 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক রেজোয়ান বিশ্বাসের ওপর হামলা ও মোটর সাইকেল চুরিতে দায়ীরা ছয়দিনেও গ্রেপ্তার না হওয়ায় ডিএমপি কমিশনার একেএম শহীদুল হকের পদত্যাগ দাবি করেছে সাংবাদিকদের তিন সংগঠন। একইসঙ্গে দায়ীদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে রেজোয়ানের ওপর হামলা-চুরির প্রতিবাদে সোমবার সমাবেশে এ দাবি ও অভিযোগ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে ২৪ ফেব্র"য়ারি ডিআরইউ কার্যালয়ের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে তিন সংগঠন। দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি চত্বরে সমাবেশ ও বিক্ষোভ করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এ্যাসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ডিআরইউ বহুমুখী সমবায় সমিতি। রেজোয়ানের সহকর্মী দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদুল আলম তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টায় ডিবির পোশাক পড়া ছয়জন মানুষ একজন সাংবাদিককে আহত করে ছিনতাই করেছে। এটি পুলিশের সহায়তা ছাড়া সম্ভব নয়।" ছিনতাইয়ের ঘটনায় ডিবি পুলিশ জড়িত বলে অভিযোগ করেন সমাবেশে অংশ নেওয়া সাংবাদিকরা। তারা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে 'পুলিশ সাংবাদিকদের টার্গেট করছে'। বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ আকন, অর্থ সম্পাদক মাহবুব আলম লাবলু, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি আজমল হক হেলাল, সাধারণ সম্পাদক পথিক সাহা সাবেক যুগ্ম সম্পাদক শেখ মামুনুর রশিদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি ২০০৭ ঘ.