চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে সোমবার দুপুরে আগুনে কমপক্ষে ১৭টি দোকান পুড়ে গেছে।
দোকান মালিকদের দাবি, এতে তাদের প্রায় ৪৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।
আগ্রাবাদ দমকল বাহিনীর ফায়ারম্যান বিশু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১২টার দিকে উপজেলা সদর বাজারের দিদারুল আলমের এপোলো মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, "এতে মার্কেটের সেলুন, স্বর্ণ, লেপ-তোষক, কসমেটিক্স ও কাপড়ের মিলিয়ে ১৭টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়।"
দুপুর সোয়া ১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে বিশু দাশ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এজে/জিএনএ/২১৫৫ ঘ.
bdnews24