রাজশাহী, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসেনকে আরো তিনদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
প্রথম দফায় পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকালে তাকে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
মতিহার থানা পুলিশ সিদ্দিক হোসেনকে আবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
শুনানি শেষে বিচারক রুহুল আমিন তিনদিনের অনুমতি দেন।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সিদ্দিক হোসেনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয় দফায় হেফাজতে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামালার ঘটনায় পুলিশের করা মামলায় তাকে ১৬ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়।
এর আগে ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে। তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদকে। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক খুন হন। হামলায় পুলিশসহ আহত হয় অর্ধশত।
এ ঘটনায় একটি হত্যাসহ ছয়টি মামলা হয়েছে।
পুলিশ রাজশাহী মহানগর জামায়াতের তিন নেতাসহ প্রায় একশ' জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.
bdnews24