ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালুর তিন মাসেও ঢাকার রাস্তায় লেন পদ্ধতি কার্যকর না হওয়ায় 'চালকদের উদাসীনতাকে' দায়ী করেছেন ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক।
সোমবার শেরাটন ক্রসিঙ পরিদর্শনের সময় তিনি বলেন, "গতকাল এখানে দেখেছি লাল বাতি জ্বলার পরও চালক গাড়ি চালিয়ে চলে গেছেন। পুলিশ থাকলে আইন মানছেন। না থাকলে যেমন খুশি গাড়ি চালাচ্ছেন।"
গত বছরের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে ঢাকায় গাড়ি চলাচলে তিন লেন ব্যাবস্থা চালু করে পুলিশ।
এখন আবার নতুন উদ্যমে ট্রাফিক বাতি ও লেন ব্যাবস্থা কার্যকর করতে মাঠে নেমেছে পুলিশের ১৩টি দল।
দলগুলোর নেতত্বে থাকছেন পুলিশের ১৩ উপ-কমিশনার। তাদের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরাও থাকছেন।
এবারের অভিযানে আইন অমান্যকারীকে এক হাজার টাকা জরিমানা করা হবে।
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগ অস্বীকার করে কমিশনার বলেন, "এধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।"
সিগন্যাল পয়েন্টে ডিজিটাল বাতি অকার্যকর থাকা ও লেনচিহ্ন না থাকা বিষয়ে তিনি বলেন, "ডিসিসি লেনচিহ্ন দেওয়ার কাজ করে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএন/পিডি/২০৩৮ ঘ.
bdnews24