বাগেরহাট, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টি না হলে এ বছরের মে মাসে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় দশ জেলায় নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়ে যাবে।"
সোমবার বিকেলে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সাখাওয়াত এ কথা বলেন।
তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে হাত দিলেই মামলা হচ্ছে। ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ একটি জটিল ব্যাপার। এটা নির্ণয় করার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। তাদেরই উচিত এই সমস্যা নিরসন করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।"
সাখাওয়াত মনে করেন, নির্বাচন কমিশনকে এ সব বিষয় দেখতে হলে এ বছরের মধ্যেও হয়ত নির্বাচন করা যাবে না।
মামলার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে বলেও তিনি জানান।
সাখাওয়াত হোসেন বিকালে বাগেরহাট সার্কিট হাউসে জেলা শহরে নির্বাচন কমিশনের কম্পিউটার সার্ভার স্টেশন স্থাপন বিষয়ে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনময় সভায় উপস্থিত ছিলেন- বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলওয়ার হায়দার, উপ নির্বাচন কমিশনার বিভোর কুমার বিশ্বাস, বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বজলুর রশিদ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান।
সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভা এলাকায় সার্ভার স্টেশন স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।
মঙ্গলবার সকাল ৯টায় বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাটে সদর উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে তার মতবিনিময় সভা করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24