যশোর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের মনিরামপুর উপজেলায় হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রকাশ চন্দ্র সাহাকে (৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের একটি অগভীর নলকূপের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রকাশ ওই গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
তার স্ত্রী চন্দনা সাহা পুলিশের কাছে অভিযোগ করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় নিশ্চিত করতে প্রতিপক্ষ তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
রোববার রাতে ইসলাম নামে এক ব্যক্তির মোবাইল ফোন পেয়ে প্রকাশ বাড়ি থেকে বের হন বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় পুলিশ দু'জনকে আটক করলেও ইসলামসহ জড়িতরা গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন মনিরামপুর থানার ওসি লোকমান হেকিম।
যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্ট ঘটনাস্থল পরিদর্শন করে খুনিদের খুঁজে বের করার নির্দেশ দেন।
পরিবারে সদস্যদের বরাত দিয়ে ওসি সাংবাদিকদের জানান, প্রকাশ চন্দ্র সাহা রোববার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কাজিরগ্রামের ইসলামের ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি ফেরেননি।
সকালে স্থানীয়রা তার লাশ হোগলাডাঙ্গা গ্রামের সেচ দেওয়ার একটি অগভীর নলকূপের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
তিনি জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়েও তাকে আঘাত করেছে দুর্বৃত্তরা।
ওসি জানান, এ ঘটনায় প্রকাশের স্ত্রী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা (নম্বর-২৩) করেছেন। আটক কাজিগ্রামের আবুল কাশেম ও আবুল হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মনিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন জানান, প্রকাশ চন্দ্র সাহা চেয়ারম্যান হিসাবে জনপ্রিয় ছিলেন। তিনি খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24