২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজে হাজি পরিবহন নিয়ে টানাপোড়েন দুই মন্ত্রণালয়ে

জাহাজে হজযাত্রী পরিবহন নিয়ে ধর্ম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয় বলছে, এ বছর এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভবপর নয়। অন্যদিকে নৌমন্ত্রণালয় বলছে, তা সম্ভব। মহসীনুল করিমের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজে হজযাত্রী পরিবহন নিয়ে ধর্ম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয় বলছে, নৌ মন্ত্রণালয় তাদের না জানিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের আগে এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভবপর নয়। অন্যদিকে নৌমন্ত্রণালয় বলছে, তা সম্ভব। ২৫ বছর পর আগামী মৌসুমে জাহাজে করে হজযাত্রীদের পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৭ ফেব্র"য়ারি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় নেওয়া এ সিদ্ধান্তের লক্ষ্য স্বল্পব্যয়ে হজযাত্রী পাঠানো। গত মৌসুমে বাংলাদেশ থেকে অধ লক্ষাধিক মুসলমান হজ পালনে সৌদি আরব যান। ২৫ বছর ধরে বিমানেই হজযাত্রী পাঠানো হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায়। আন্তঃমন্ত্রণালয় সভায় নৌ-পথে হাজি পরিবহনের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুসকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এতে ধর্ম মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও রাখা হয়। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (বিদায়ী) আবদুর রব হাওলাদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি।" তিনি বলেন, সমুদ্রপথে যাত্রী পরিবহন দীর্ঘ ২৫ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে অবকাঠামোগুলোও নষ্ট হয়ে গেছে। এজন্য পর্যাপ্ত জনবলের প্রয়োজন, তাও বর্তমানে নেই। "এ অবস্থায় হঠাৎ করে হাজি পরিবহনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না", বলেন রব। ধর্ম মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। এ বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে হজ অনুষ্ঠিত হবে। গঠিত কমিটিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকার বিষয়ে সচিব বলেন, "প্রতিনিধি মনোনয়ন বা অন্য কোনো বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এখনো কোনো চিঠি ধর্ম মন্ত্রণালয়কে দেওয়া হয়নি।" নৌপথে হাজি পরিবহনের বিষয়ে দুই মন্ত্রণালয়ের সৃষ্ট জটিলতা অবসানে আলোচনার পরামর্শ দিয়েছেন ধর্ম সচিব আবদুর রব। অন্যদিকে গঠিত কমিটির প্রধান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে সারাবিশ্বে নৌপথগুলোকে প্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারও চাইছে নৌ-পথগুলোকে নতুন করে সচল করতে। তার অংশ হিসেবেই নৌপথে হাজি পাঠানোর কার্যক্রম শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী হজ মৌসুমের আগেই নৌপথে হজযাত্রী পাঠানোর কাজ সম্পন্ন করা সম্ভব দাবি করে তিনি বলেন, "বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য নৌ-জেটি ও যাত্রীদের সুযোগ-সুবিধাসহ অবকাঠামোগুলো সচল করে দেওয়া হবে। আগামী হজ মৌসুমের আগেই এ প্রক্রিয়া শেষ করা সম্ভব।" নৌপথে হাজিদের ব্যয় অর্ধেকে নেমে আসবে বলে কুদ্দুস জানান। বর্তমানে বিমানে করে হজে যাওয়াসহ সবমিলিয়ে দুই লাখের বেশি টাকা খরচ হয়। নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, 'ইডেন শিপিং লাইন্স' নামে একটি ইতালীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হাজি পরিবহনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দিয়েছে। নৌ-পথে প্রায় ১৮ হাজার জনকে সৌদি আরবে পাঠানোর প্রক্রিয়া চলছে। কর্মকর্তারা জানান, জাহাজে প্রতি ট্রিপে ৩ হাজার যাত্রী বহন করা যাবে। চট্টগ্রাম থেকে জেদ্দা যেতে জাহাজে ছয় থেকে সাত দিন সময় লাগবে। এতে জনপ্রতি ভাড়া বাবদ সর্বনিম্ন ৮৫০ ডলার (প্রায় ৬০ হাজার) ব্যয় হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৩৭ ঘ.