২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগীয় তদন্ত দাবি পাহাড়ি ছাত্রদের

বাঘাইছড়ির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে পাহাড়িসহ দেশের আদিবাসী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 11:53 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘাইছড়ির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে পাহাড়িসহ দেশের আদিবাসী শিক্ষার্থীরা। তবে পার্বত্য এলাকার বাঙালিদের সংগঠন সমঅধিকার আন্দোলন ওই ঘটনার জন্য পাহাড়ি সংগঠনসহ কয়েকটি মানবাধিকার সংগঠনকে দায়ী করেছে। অন্যদিকে কয়েকটি মানবাধিকার সংগঠন বাঘাইছড়ির ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ভূমি নিয়ে পাহাড়ি-বাঙালি বিরোধ অবসানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভূমি কমিশনকে কার্যকর করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছে। ভূমির অধিকার নিয়ে পাহাড়ি-বাঙালি বিরোধের জের ধরে শুক্রবার রাঙামাটির বাঘাইছড়িতে বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। পরদিন সেখানে সেনা সদস্যদের উপস্থিতিতে সহিংসতায় বেশ কয়েকজন হতাহত হয়, পোড়ানো হয় শতাধিক ঘর। দুই পাহাড়ির লাশ ইতিমধ্যে পাওয়া গেছে, যারা সেনা সদস্যদের গুলিতে মারা গেছে বলে পাহাড়িদের অভিযোগ। পাহাড়ি ছাত্রদের স্মারকলিপি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদসহ নয়টি সংগঠন সোমবার দুপুরে ছয় দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে- বাঘাইছড়ির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, হামলায় নিহত/আহতদের ক্ষতিপূরণ প্রদান, বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনর্বাসন করা, পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বিশেষ ট্রাইবুনাল গঠন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়ন, অপারেশন উত্তরণ বন্ধ করে সব অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার। স্মারকলিপি দেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়। অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রসেনজিৎ চৌধুরী বলেন, "আমরা শান্তির আশায় ১৯৯৭ সালে অস্ত্র জমা দিয়েছি। কিন্তু শান্তি আসেনি। এখন শান্তির স্বার্থে প্রয়োজনে আবার সেই অস্ত্র তুলে নেবো। আমাদের মানবাধিকার লঙ্ঘনকারীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের ছাড় দেবো না।" বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নিষ্ণৃত চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বাবলু চাকমা, ঢাকা মহানগরের যুগ্ম-সম্পাদক তুহিন চাকমা ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ঢাকা মহানগর সভাপতি পিপিকা ত্রিপুরাও সমাবেশে ছিলেন। পাহাড়িদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু তোয়াব অপু ও ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিপ্লব মণ্ডল। সমাবেশ শেষে কয়েকশ আদিবাসী শিক্ষার্থী সচিবালয় পানে মিছিল নিয়ে রওনা হয়, পুলিশ হাইকোর্টের সামনে তাদের বাধা দেয়। পরে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। মানবাধিকার সংগঠনের বিবৃতি: বাঘাইছড়ির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইন সালিশ কেন্দ্র, ব্লাস্ট, এএলআরডি, নিজেরা করি, ব্র্যাক ও টিআইবি- এ ছয়টি সংগঠন সোমবার এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভূমি কমিশনকে কার্যকর করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত ওই বিবৃতিতে বাঘাইছড়িতে ক্ষতিগ্রস্তদের জরুরিভিত্তিতে খাদ্য ও চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত সবার পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেন তারা। সমঅধিকার আন্দোলনের বিবৃতি: পার্বত্য শান্তিচুক্তি বিরোধী বাঙালিদের সংগঠন 'সমঅধিকার আন্দোলন' সোমবার এক বিবৃতিতে বাঘাইছড়িতে বাঙালি প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলার নিন্দা জানান। ঘটনার জন্য বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমাকেও দায়ী করেন তারা। সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিনে বাঘাইহাট, গঙ্গারামমুখসহ বাঘাইহাটে দাঙ্গা-হাঙ্গামার জন্য আইন-সালিশ কেন্দ্র, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন, ইউএনডিপি এবং পাহাড়ি সংগঠনগুলো দায়ী। তিন পার্বত্য জেলায় বাঙালিরা পাহাড়িদের হাতে জিম্মি হয়ে আছে বলেও দাবি করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.